২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় পৌঁছেনি এক কোটি বই

সরকার বছরের প্রথম দিন ‘পাঠ্যপুস্তক উৎসব’ করার ঘোষণা দিলেও এখনো পর্যন্ত প্রায় এক কোটি বই উপজেলা পর্যায়ে পৌঁছেনি। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 05:06 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বছরের প্রথম দিন ‘পাঠ্যপুস্তক উৎসব’ করার ঘোষণা দিলেও এখনো পর্যন্ত প্রায় এক কোটি বই উপজেলা পর্যায়ে পৌঁছেনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকের ৯৫ শতাংশ এবং মাধ্যমিকের ৯৬ শতাংশ বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা সম্ভব হয়েছে। বাকি বই পৌঁছানোর জন্য সময় আছে আর এক সপ্তাহ। অবশ্য এই সময়ের মধ্যেই সব উপজেলায় বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার ঢাকা থেকে সরাসরি উপজেলা পর্যায়ে বই পাঠানো হচ্ছে। একটু ঝামেলা হওয়ায় এখনো সব বই সরবারহ করা সম্ভব হয়নি। তবে ডিসেম্বরের মধ্যেই শতভাগ বই সরবারহ করা হবে।” শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী ১৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেবেন। “১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতেই নতুন বই পৌঁছে দেওয়া হবে। ওইদিন সারাদেশে উদযাপন করা হবে পাঠ্যপুস্তক উৎসব। যে বইগুলো এখনো উপজেলা পর্যায়ে সরবারহ করা হয়নি, তা ডিসেম্বরের মধ্যেই পাঠানো হবে”, বলেন মন্ত্রী। এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০১২ শিক্ষাবর্ষে সব স্তরের ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ শিক্ষার্থীর জন্য ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩টি বই বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। গত বছরের উদ্বৃত্ত (বাফার স্টক) বই আছে প্রায় ১ কোটি ৩০ লাখ। তবে এবার বাফার স্টকে রাখার জন্য কোনো বই ছাপা হয়নি। “এবার প্রাথমিক স্তরে ১০ কোটি ৩৫ লাখ, মাধ্যমিকে ৮ কোটি ৩১ লাখ, এবতেদায়ী স্তরের ১ কোটি ৫৮ লাখ, দাখিল ও দাখিল ভোকেশনালে ১ কোটি ৬৬ লাখ এবং এসএসসি ভোকেশনালের জন্য ১৮ লাখ ২১ হাজার বই সরবারহ করা হচ্ছে”, বলেন তিনি। গত বছর ৩ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ শিক্ষার্থীর মধ্যে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়। কামালউদ্দিন বলেন, এবার ৩০ নভেম্বরের মধ্যে সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি প্রকাশনা সংস্থার দাবির পরিপ্রেক্ষিতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও কয়েকটি প্রতিষ্ঠান সময়মতো বই সরবারহ করতে পারেনি। সময়মতো পাঠ্যবই সরবরাহে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিল স্থগিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এনসিটিবি কর্মকর্তারা জানান, এবার নতুন শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা এবং ৮ম শ্রেণীর সাহিত্যকণিকা বইগুলো ছাপানো হয়েছে চার রঙে। ভারতের তিনটিসহ মোট ১৯টি প্রকাশনা সংস্থা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বই ছাপানোর কাজ করেছে এবার। এর মধ্যে ভারতের তিনটি প্রতিষ্ঠান ২ কোটি ৯১ লাখ ৯২ হাজার ২১২ কপি বই ছাপানোর কার্যাদেশ পায়। এই তিন প্রতিষ্ঠানের ছাপানো বইগুলো খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় সরবরাহ করার কথা রয়েছে। চেয়ারম্যান জানান, খুলনার সদর ছাড়া অন্য উপজেলাগুলোতে বই সরবরাহ করা হয়েছে। কিন্তু রংপুর বিভাগের বইগুলো এখনো সরবরাহ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০৪৫ ঘ.