২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনা করেই টিপাইমুখ বাঁধ বন্ধ করতে হবে’

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মার্চ করে নয়, আলোচনা করেই টিপাইমুখ বাঁধ বন্ধ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিলেট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মার্চ করে নয়, আলোচনা করেই টিপাইমুখ বাঁধ বন্ধ করতে হবে। বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “রোড মার্চ-লং মার্চ করে টিপাইমুখ বাঁধ বন্ধ করা যাবে না। এজন্য প্রয়োজন কূটনৈতিক তৎপরতা।” বাংলাদেশ সরকারের মতামত নিয়ে যৌথ সমীক্ষার মাধ্যমে টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প গ্রহণ না করলে আওয়ামী লীগই তা হতে দেবে না বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী। বিজয়ের ৪০ বছর পুর্তি ও দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সিটি পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ জনসভা আয়োজন করে। বিএনপিসহ কয়েকটি দল টিপাইমুখ বাঁধ নিয়ে মানুষের মধ্যে ‘বিভ্রান্তি’ তৈরি করছে বলে দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, স্বভাবসূলভ ভারত বিরোধিতা থেকেই এই ইস্যুতে রাজনীতি করছে তারা। নিজের মন্ত্রনালয়ন সম্পর্কে রেলমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন পাঁচটি আন্তঃনগর ট্রেন রয়েছে। অচিরেই তা ছয়টিতে উন্নীত করা হবে। এছাড়া তিনি উল্লেখ করেন ২০১২ সালের মধ্যে দেশে কমিউটার ট্রেন চালু করা হবে। সিলেটেও কমিউটার ট্রেন চলবে বলে আশ্বাস দেন রেলমন্ত্রী। ভারতের মনিপুর রাজ্যে টিপাইমুখে বরাক নদীতে বাঁধ নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য সরকারের চুক্তির খবর প্রকাশ হয় স¤প্রতি। এ বাঁধ নিয়ে বাংলাদেশের শঙ্কা রয়েছে। বিশেজ্ঞদের মতে, ওই বাঁধের ফলে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদীতে পানিপ্রবাহে সংকট দেখা দেবে। বাঁধ প্রসঙ্গে বাংলাদেশ সরকার ও বিরোধী দলের জিজ্ঞাসার জবাবে ভারত সরকার বলে আসছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কোনো পদক্ষেপ তারা নেবে না। ভারতের মনিপুরেও এ বাঁধ প্রকল্পের বিরোধিতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০০০০ ঘ.