ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে বৃহস্পতিবার রাতে একটি বাসে আগুন লাগিয়ে দেয় কয়েকজন লোক। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে- এই গুজবে বাসটিতে আগুন লাগানো হয় বলে পুলিশ জানায়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে সড়ক দুর্ঘটনায় কারো মারা যাওয়ার খবর পুলিশের কাছে নেই।
যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে ঢাকা থেকে ভৈরবগামী একটি মিনিবাসে বিক্ষুব্ধ কয়েকজন আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর সময় পুলিশ মো. শরীফ (২২) নামে একজন গ্রেপ্তার করে।
শরীফের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসের চাপায় একজন মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় নেমে ওই বাস থামিয়ে যাত্রী নামিয়ে আগুন লাগিয়ে দেয়।
যাত্রবাড়ি থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি ক্লিনিকে খোঁজ নিয়েও এর সত্যতা পাওয়ার যায়নি।
“তবে স্থানীয় একটি ক্লিনিকে সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে একজন এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।”
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল প্রতিনিধি জানান, রাত ১২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত কেউ চিকিৎসা নিতে আসেনি, বা দুর্ঘটনায় নিহত কারো লাশও আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০০২৯ ঘ.
bdnews24