ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ২৮ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০তম বিসিএসের পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
৩০তম বিসিএসে পাঁচ হাজার ৮১০ জন লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও এদের মধ্য থেকে তিন হাজার ৪৩৪ প্রার্থী ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ পাননি।
কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে আবেদনপত্রের নমুনা ফরম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে তা কমিশনের আগারগাঁওয়ের কার্যালয়ে হাতে হাতে জমা দিয়ে প্রাপ্তিস্বীকার রশিদ গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩২৪ ঘ.
bdnews24