ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তুরাগ থানা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার পর তার গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে থানা এলাকার শোলারহাটি জহুরারটেক এলাকা থেকে মেহেদী হাসান নিরবের (৩৩) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাতো ভাই মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সাংবাদিকদের জানান, নিরব ভাড়ায় গাড়ি চালাতেন। মোহাম্মদপুর কলেজগেট এলাকায় ভোলা রেন্ট এ কার নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, “বুধবার দুপুরে নিরব তুরাগ থানার রানাভোলার বাসা থেকে টয়োটা কোম্পানির কেরিনা মডেলের গাড়িটি নিয়ে বের হয়। রাতে নিরবের ফোন বন্ধ ছিল। তবে তিনি ভাড়ায় গিয়েছিলেন কিনা তা জানা যায়নি।”
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিবরকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ওই স্থানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, “গাড়িটি পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়িটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।”
নিরবের বাড়ি ভোলার তুলাতলীর ধনিয়ায়। তার দুই সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৪০ ঘ.
bdnews24