রাজবাড়ী/মানিকগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে দুই দফায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় বুধবার রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১টার দিকে চালু হলেও ভোর সাড়ে ৪টায় আবার পারাপার বন্ধ হয়ে যায়।
এ সময় দৌলতদিয়া ঘাটে আটটি এবং পাটুরিয়া ঘাটে দুটি ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। বিপুল সংখ্যক গাড়ি উভয় ঘাটে আটকা পড়ায় তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
কুয়াশা কমে এলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা।
দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই প্রতি রাতে কুয়াশায় নৌ চলাচল বিঘিœত হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৪ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩৩ ঘ.
bdnews24