২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন হাসিনা’

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্য সফরে যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

আগরতলা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্য সফরে যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নবম সমাবর্তনে যোগ দিতে সম্মত হয়েছেন।” আগামী ১২ জানুয়ারি এই অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেবে বলেও জানান তিনি। ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারিও এ সমাবর্তনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও গভর্নর ডি ওয়াই পাতিল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে এই সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ পৌঁছে দেন। ঢাকা থেকে ফিরে মানিক সরকার আগরতলায় সাংবাদিকদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা সফরের ব্যাপারে আগ্রহী। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত করা হবে।” ত্রিপুরার সঙ্গে ৮৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশে। সাংস্কৃতিক দিক দিলেও দুই অঞ্চলের অধিবাসীদের সাদৃশ্য আছে। মানিক সরকার সে সময় বলেছিলেন, “শেখ হাসিনা সম্মত হলে তিনিই হবেন ভারতের উত্তর-পূর্বাঞ্চল সফরে আসা প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী। তার সফর বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।” এদিকে শেখ হাসিনা এ সফরে সম্মতি দেওয়ার পর তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তারা। এই সফরে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একাত্তরে ত্রিপুরায় মুক্তিবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পও তিনি ঘুরে দেখতে পারেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল। সেখানে ১৬টি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের। গত অক্টোবরে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার খবর দিয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণেও সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সম্মতির ভিত্তিতে সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলেও সে সময় জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.