জয়পুরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সরকারি কলেজের ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার কালাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে।
এরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাহরীপুর গ্রামের আনিছুর রহমান (২৩), দিনাজপুরের বিরামপুর উপজেলার কসবা সাগরপাড়া গ্রামের ইব্রাহিম বখস (২০), ভবানীপুর-পালপাড়া গ্রামের আবু হানিফ (২১), চড়াইভিটা গ্রামের আমিনুল ইসলাম (২০), নওগাঁর বদলগাছি উপজেলার চক বোয়ালী গ্রামের ফারুখ হোসেন এবং কালাই থানার শারুঞ্জা গ্রামের শাহ আলম (৩৭)।
সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, এদের মধ্যে প্রথম পাঁচজন জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র। তারা সবাই কালাই থানার একটি মারামারি ও ভাংচুর মামলার আসামি। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে কলেজের ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
একই মামলায় শালুঞ্জা গ্রাম থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে কালাই থানা পুলিশ।
কালাই থানার ওসি মোখলেছুর রহমান জানান, শাহ আলম স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৬০৮ ঘ.
bdnews24