২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় মামলা

মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বুধবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কালিয়াকৈর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য মুক্তিযোদ্ধা মো. মেছের আলী। বাদীর আইনজীবী আতিকুর রহমান ভুঞা সাংবাদিকদের জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কাদের সিদ্দিকী বীরোত্তম খেতাব পেয়েছেন। মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর টাইলের সখীপুরের নুলয়া এয়ারফোর্স বাজারে এক জনসভায় সাংসদ শাহজাহান বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ডাকাতি ও ধর্ষণ করেছে তারা যুদ্ধাপরাধী। যেহেতু কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা, ২০ কেজি স্বর্ণ, করটিয়া ও দেলদুয়ার জমিদার বাড়ি লুণ্ঠন এবং নিরপরাধ লোককে হত্যা করেছেন, তাই তিনিও একজন যুদ্ধাপরাধী। তার বিচার হওয়া উচিত। পরদিন দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। বাদী অভিযোগে বলেন, কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত এবং তার চরিত্রকে সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে হেয় করে সংবেদনশীল চেতনায় আঘাতের মাধ্যমে অপমান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৭ ঘ.