২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ছাড়পত্রহীন ৮টি ইটভাটা বন্ধ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় আটটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় আটটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দিনভর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বন্ধ করে দেওয়া ইট ভাটাগুলো হলো- শাহ আলমের মালিকানাধীন শাহ ব্রিকস, শফিক আহমদের শাহ আমানত ব্রিকস, নজরুল ইসলামের খাজা ব্রিকস, মোরশেদ আলমের বাদশা ব্রিকস, ছামছুল হকের লোহাগাড়া ব্রিকস, আবুল বশরের এন্তাজ ব্রিকস, নবারুন দেবনাথে মা ব্রিকস এবং ও আর নিজামের শাহ আব্দুল মজিদ ব্রিকস। ছাড়পত্র ছাড়া এতদিন কাজ চালানোয় আটটি ইটভাটাকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) তাজনিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং জেলা প্রশাসনের সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে ইট ভাটাগুলোর কার্যক্রম পরিচালনা হচ্ছিল। তাই এসব ইট ভাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাজনিমুর জানান, ২৬ ডিসেম্বর ইটভাটার মালিকদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি গ্রহণ করা হবে। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন ও সাতকানিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো। গত সোমবার চট্টগ্রামের লোহাগাড়া সংরক্ষিত বনাঞ্চলের সীমানার মধ্যে স্থাপিত সাতটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় পরিবেশে অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/২০০৪ ঘ.