মেহেরপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মেহেরপুরের গাংনী উপজেলা থেকে সন্দেহভাজন এক চরমপন্থিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব।
বুধবার সকালে মটমুড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাড়ি থেকে মাজহারুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে একটি অত্যাধুনিক শাটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি মটমুড়া ইউনিয়ন পরিষেদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
মাজহারুল ইসলাম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
র্যাব কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ রায়হান জানান, মাজহারুল নিজেকে লাল পতাকার আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটাসহ এলাকায় মোবাইলে চাঁদাবাজি করে বেড়াত। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ দুইটি বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।
গাংনী থানার ওসি গোলাম মোস্তফা জানান, মটমুড়া গ্রামের মাজহারুল ইসলাম প্রথমে নিজেকে বেআইনি চরমপন্থি সংগঠন সর্বহারা পরিচয় দিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াত।
তিনি আরো বলেন, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর চাঁদা না দেওয়ায় গাংনীর ইটভাটা ব্যাবসায়ী কাজলকে বোমা মেরে হত্যা করে। তখন সে নিজেকে লালপতাকার আঞ্চলিক নেতা বলে পরিচয় দেন।
চাঁদার দাবিতে পরে তিনি বালিয়াঘাট গ্রামের আদম আলীকে ইটভাটার পাশে জবাই করে এবং নিজেকে লালপতাকার আঞ্চলিক কমান্ডার বলেন পরিচয় দিয়ে পত্রিকায় বিবৃতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৩ ঘ.
bdnews24