রাজবাড়ী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে বুধবার সকালে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় মঙ্গলবার রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি শাহ পরান, আমানত শাহ, শাহ জালাল ও মতিউর রহমান দৌলতদিয়া ঘাটে এবং খান জাহান, কেরামত আলী, হামিদুর শাহ আলী ও ফেরি কুমারী পাটুরিয়া ঘাটে সারা রাত যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে।
“কুয়াশা কমে আসার পর সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়”, বলেন জিল্লুর রহমান।
এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুয়াশার কারণে আটকে পড়া যাত্রীরা কনকনে শীতে চরম দুর্ভোগের শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১৪ ঘ.
bdnews24