২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ

সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে নবম শ্রেণীর এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিলেট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে নবম শ্রেণীর এক ছাত্রী। মঙ্গলবার অভিযোগ তদন্তে গিয়েছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। হয়রানির শিকার ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, স্কুলের সহকারী শিক্ষক আবদুল করিম তাদের পাশের বাড়িতে লজিং থাকতেন। ওই সময় তিনি মেয়েটির বাড়ি গিয়ে প্রাইভেট পড়াতেন। পড়ানোর সময় তিনি ছাত্রীর সঙ্গে অশালীন কথাবার্তা ও প্রেম নিবেদন করেন। এরপর ছাত্রীটি আর ওই শিক্ষকের কাছে পড়েনি। এর জেরে গত ১১ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার হলের মধ্যে আসন পরিবর্তন করে ওই শিক্ষক ছাত্রীটিকে হয়রানির চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে তাকে মারধরও করেন তিনি। গত ১৫ ডিসেম্বর ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকেও বিষয়টি অবহিত করা হয় তাদের পরিবারের পক্ষ থেকে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবদুল করিম এটিকে সাজানো ও হয়রানিমূলক বলে দাবি করেছেন। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, হয়রানির শিকার ছাত্রী এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য শুনেছেন তিনি। তদন্তে হয়রানির প্রাথমিক সতত্যাও পাওয়া গেছে বলে তিনি জানান। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে শিক্ষামন্ত্রীরও নির্দেশনা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.