২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল নুরুল কবীরের বক্তব্য শুনবে ১৯ জানুয়ারি

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ১৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন শেষ করবেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ১৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন শেষ করবেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবীর। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের বিষয়ে গত ২ অক্টোবর ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুঃসময়’ শিরোনামে একটি প্রতিবেদন নিউ এজে প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর পত্রিকাটির প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককে তলব করে ট্রাইব্যুনাল। তাদের কেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা যাবে না তারও ব্যাখ্যা চাওয়া হয় ওই তিন জনের কাছে। নুরুল কবীর ২৭ নভেম্বর এ বিষয়ে নিজের লিখিত বক্তব্য উপস্থাপন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে, এটি ঠিকভাবে লেখা হয়নি। আবারো তার লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য ১ ডিসেম্বর দিন রাখা হয়। ১ ডিসেম্বর নুরুল কবীর ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন করে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে বিতর্কমুক্ত রেখে গতিশীল করতেই ওই প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। তার বক্তব্য শেষ হওয়ার আগেই ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয় সেদিন। বক্তব্য উপস্থাপনের জন্য পরবর্তী দিন রাখা হয় ২০ ডিসেম্বর। মঙ্গলবার জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি নুরুল কবীরের বাকি বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল। নিউ এজের প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান এবং প্রতিবেদক ডেভিড বার্গম্যান ইতোমধ্যে ট্রাইব্যুনালে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৩৩ ঘ.