সিলেট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে নিজের বাসায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যৃ হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ নগরীর মধুশহীদ এলাকার ২১/১ নম্বর বাসা থেকে আয়শা ইসলাম (৬০) নামের বৃদ্ধার লাশ উদ্ধার করে।
আয়শা ইসলাম এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি তার লন্ডন প্রবাসী ভাইয়ের চার তলা বাসার দোতলায় একা থাকতেন। তার এক ছেলেও লন্ডন প্রবাসী।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, সকাল ১০টার দিকে ঘরটি থেকে ধোঁয়া বের হতে দেখে নীচতলার ভাড়াটিয়ারা দরজা ভেঙে বিছানায় অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
“বৃদ্ধার মৃত্যু পুলিশের কাছে রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসি।
নিহতের ছোটবোন রাজিয়া সুলতানা সাংবাদিকদের জানান, তার বোন বাসায় একা থাকতেন। রোববার লন্ডনপ্রবাসী ছেলে আয়শার জন্য ১০ হাজার টাকা পাঠালে রাজিয়া সেই টাকা তার কাছে দিয়ে যান।
ডাকাতরা আলমারি ভেঙে ওই টাকা ও মূল্যবান জিনিস নিয়ে গেছে এবং এরপর তাকে আগুনে পুড়িয়ে মেরেছে বলে তিনি ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৩ ঘ.
bdnews24