২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিজনভ্যান থেকে আসামির পলায়ন, ৭ পুলিশ বরখাস্ত

প্রিজনভ্যান থেকে দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়া থানার এক উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সাভার, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিজনভ্যান থেকে দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়া থানার এক উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে আদালতে হাজিরা শেষে সাভার থানায় আনার সময় প্রিজনভ্যান থেকে দুই আসমি পালিয়ে যায়। কর্তব্যে অবহেলার অভিযোগে মঙ্গলবার সকালে সাত পুলিশকে বরখাস্ত করা হয় বলে জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এরা হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, প্রিজন ভ্যান চালক আসলাম মিয়া, সাভার মডেল থানার কনস্টেবল মজিবুর রহমান, জহুরুল হক ও মইন উদ্দিন। সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে প্রিজন ভ্যানের পাটাতন ভেঙ্গে পালিয়ে যায় আশুলিয়া থানার চুরি মামলার আসামী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খয়েরহাট এলাকার সুনু মোল্লা এবং সাভারের সামইর এলাকার হত্যা মামলার আসামী মেহেদী হাসান। পুলিশ কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, সোমবার সকালে সাভার ও আশুলিয়া থানায় বিভিন্ন মামলায় আটক ২১ আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান আদালতে যায়। আদালত থেকে সন্ধ্যায় সাভার থানায় পৌঁছে আসামিদের নামানোর সময় প্রিজন ভ্যানের দরজা খুলে দেখা যায় সাভার থানার একজন ও আশুলিয়া থানার একজন আসামি নেই। পুলিশের ধারণা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রিজন ভ্যানটি যানজটে পড়লে ভ্যানের পাটাতন ভেঙ্গে তারা পালিয়ে গিয়ে থাকবে। এ ঘটনায় বরখাস্ত উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে ওই দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৯ ঘ.