ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মমিন দাদু’ নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক মডেল মমিন আলী মৃধা আর নেই।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সাভারের সিআরপি-শিমুলতলীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর।
মমিন মৃধার ছোট ছেলে নুরুদ্দিন আহমেদ হাবিব টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে খাবারের পর বাবা আমার কাছে পানি খেতে চান। পানি খাওয়ার একটু পরই বিছানায় শোয়া অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।”
মঙ্গলবার বিকালে তার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য চারুকলা অনুষদে নিয়ে আসা হবে বলেও জানান হাবিব।
মাথাভর্তি সাদা চুল ও মুখে লম্বা সাদা দাড়ির সদা হাস্যোজ্জ্বল মমিন দাদু চারুকলা ও শাহবাগ এলাকার অত্যন্ত পরিচিত মুখ।
তরুণ চারুশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা মোল্লা সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৃজনশীল প্রতিভার অধিকারী ও মুক্তমনা মমিন দাদু কালের সাক্ষী। ব্রিটিশ সরকারের রেল বিভাগে কর্মচারী হিসেবে মমিন তার কর্মজীবন শুরু করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর অধীনে তৎকালীন বার্মার রেঙ্গুনে রেলপথ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন তিনি।”
দেশভাগের পর ঢাকার জেলা প্রশাসকের বাসায় মালী হিসেবে কাজ করতেন মমিন আলী মৃধা। পঞ্চাশের দশকে তৎকালীন ‘চারু ও কারুকলা মহাবিদ্যালয়’ (বর্তমান চারুকলা অনুষদ) প্রতিষ্ঠার পরপরই শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে তার পরিচয় হয়। শিল্পাচার্য মমিন দাদুকে চারুকলার নিবন্ধিত মডেল হিসেবে নিয়োগ দেন। এরপর প্রায় পাঁচ দশক তিনি চারুকলার মডেল হিসেবে কাজ করেন। এই দীর্ঘ সময়ে চারুকলা পরিবারের সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
১৯৯০ এর দশকে বার্ধক্যের কারণে তাকে অবসরে পাঠানো হয়। এরপর থেকে নিজস্ব ডিজাইনের গহনা তৈরি করে চারুকলা অনুষদের সামনে বসে বিক্রি করতেন মমিন দাদু।
মাটি ও সিমেন্টের সঙ্গে রং মিশিয়ে তার তৈরি এসব গহনা সমসাময়িক ফ্যাশনকেও প্রভাবিত করে। মমিন দাদুর ডিজাইনের অনেক গহনা বিভিন্ন বুটিক হাউজেও স্থান পেয়েছে বলে জানান মোল্লা সাগর। এছাড়া নিজস্ব ঢঙ্গে তার পোশাক-পরিচ্ছদ চারুকলার বহু তরুণ-তরুণীকে প্রভাবিত করে এবং অনেকেই পোশাকের ক্ষেত্রে মমিন দাদুকে অনুসরণ করতে শুরু করে বলেও জানান সাগর।
স্বতন্ত্র জীবনচর্চায় অভ্যস্ত মমিন আলী মৃধা ঢাকার সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রিয় ব্যক্তিত্ব। বয়সে প্রবীণ হলেও চারুকলা কেন্দ্রিক তারুণ্যের আড্ডায় মমিন দাদুর সপ্রতিভ উপস্থিতি ছিল সবসময়। তার দীর্ঘ ও বৈচিত্র্যময় জীবনের অভিজ্ঞতার গল্প বলে তরুণদের মুগ্ধ করে রাখতেন মমিন দাদু।
ঢাকার সংস্কৃতি অঙ্গনের সৌম্যকান্তি এই প্রবীণ স্বভাবশিল্পীকে নিয়ে বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মমিন আলী মৃধার স্ত্রী বেশ কয়েকবছর আগেই মারা গেছেন। তিনি চার ছেলে এবং এক মেয়ের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমআই/১৭১৪ ঘ.
bdnews24