২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শিক্ষক নির্যাতনফখরুদ্দীন-মইনের শাস্তির সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদসহ সামরিক গোয়েন্দা সংস্থার কমকর্তাদের দায়ী করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ এবং পুলিশের তৎকালীন মহা পরিদর্শক ও সামরিক গোয়েন্দা সংস্থার কমকর্তাদের দায়ী করেছে সংসদীয় কমিটি। প্রচলিত আইনে বিচারের মাধ্যমে তাদের শাস্তিরও সুপারিশ করা হয়েছে এ ঘটনায় গঠিত সংসদীয় উপ কমিটির প্রতিবেদনে। উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন গৃহিত হয়েছে। জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সেনাসদস্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার। মেনন বলেন, “আমরা ওই ঘটনায় ফখরুদ্দীন আহমদ, মঈন উ আহমেদের সম্পৃক্ততার কথা বলেছি, ডিজিএফআইর এ টি এম আমিন, ফজলুল বারী, শামসুল আলম খানকে (কর্নেল শাসম) অভিযুক্ত করেছি এবং সাবেক আইজিপি নূর মোহাম্মদকে দায়িত্বে অবহেলার জন্য প্রচলিত আইন ও সংস্থার বিধি বিধানের আওতায় শাস্তি দিতে সুপারিশ করেছি।” তিনি জানান, ১১টি পর্যবেক্ষণের ভিত্তিতে ১৩টি সুপারিশ করে সংসদীয় কমিটি তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ওই সময়ের ঘটনার অনুসন্ধানে এ উপ-কমিটি করে। গতবছর কাজ শুরুর করার পর উপ-কমিটি বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শোনে। ছাত্ররা ২০০৭ সালে জরুরি অবস্থায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে। তবে সংসদীয় কমিটিতে য্ক্তুরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন মইন। উপ-কমিটি এ বিষয়ে কথা বলার জন্য সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও তলব করে। জবাবে বিদেশে অবস্থানরত ফখরুদ্দীন ই-মেইলে তার বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করে সংসদীয় উপকমিটি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেনন গত ৮ ডিসেম্বর জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের ‘দায়িত্বে থাকা’ ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে উপকমিটি। মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মেননের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, কাজী ফারুক কাদের ও মো. শাহ আলম এ বৈঠকে অংশ নেন। ১১ পর্যবেক্ষণ, ১৩ সুপারিশ ‘বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আগস্ট/২০০৭ এর অনভিপ্রেত ঘটনাবলী’ শিরোনামের এ প্রতিবেদনে ১১টি পর্যবেক্ষণের ভিত্তিতে ১৩টি সুপারিশ করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনের প্রথমদিকেই এ প্রতিবেদন সংসদে উপস্থাপিত হবে বলে আশা করছেন কমিটির প্রধান মেনন। তিনি বলেন, “এই প্রথম কোনো সংসদীয় কমিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করলো। এ প্রতিবেদন কারো পক্ষে-বিপক্ষে নয়, বরং জাতির সামনে একটি প্রতিকারমূলক ব্যবস্থা ও ভবিষ্যতের দলিল হিসেবে বিবেচিত হবে।” ঘটনায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ করার তথ্য তুলে ধরে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ছাত্র শিক্ষকদের মুক্তির বিষয়টি তাদের কারণে বিলম্বিত হয়েছে। সাবেক তিন সেনা কর্মকর্তা ছাড়াও ব্যর্থতার জন্য পুলিশের তৎকালীন মহা পরিদর্শকও এ ঘটনায় দায়ী। শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা মামলা আগেই প্রত্যাহার করা হলেও সংসদীয় কমিটি তাদের দণ্ড মওকুফেরও সুপারিশ করেছে বলে জানান মেনন। সভাপতি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনা প্রধাান মঈন উ আহমেদ ঘটনার দায় এড়াতে পারেন না।” প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় নির্যাতনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা যেতে পারে। পাশাপাশি রাজশাহীতে নিহত রিকশা চালক আনোয়ারের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। কমিটি বলেছে, ভবিষ্যতে কখনো বিশ্ববিদ্যালয়ে সেনা ক্যাম্প স্থাপন করতে হলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন নেওয়ার বিধান করা উচিৎ। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী এনে দক্ষ প্রক্টরিয়াল বডি গঠনেরও সুপরিশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জেকে/১৫০৩ ঘ.