বরিশাল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলের ভাঙাচোরা সড়ক মেরামতের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
বাস মালিক সমিতির যুগ্ম সম্পদক আব্দুল হাকিম জানান, মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এসএম আরিফুর রহমানের সঙ্গে সমঝোতা বৈঠক হয়েছে। শিগগিরই ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ শুরু করা হবে; ার এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এরপর দুপুর ১টা থেকে যান চলাচল শুরু হয়।
এর আগে বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর নথুল্লাবাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২৮টি রুটের কোনো বাস, মিনিবাস, ট্রাক বা মাইক্রোবাস মঙ্গলবার সকালে ছেড়ে যায়নি।
ট্রাক মালিক-শ্রমিকরাও এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে বলে জানান তিনি।
নগরীর বিমানবন্দর থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিক সমিতির ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লা বা জেলার আভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলছে না।”
জাহাঙ্গীর হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়ক মেরামতের দাবি জানিয়ে গত ১২ ডিসেম্বর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন করেন তারা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। তাতে বলা ছিল, ১৯ তারিখের (সোমবার) মধ্যে দাবি না মানলে ২০ ডিসেম্বর ধর্মঘট শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ ঘ.
bdnews24