বাগেরহাট, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমিত হওয়ায় বাগেরহাটের মংলায় একটি খামারের চার শতাধিক মুরগি নিধন এবং দেড় হাজারেরও বেশি ডিম ধ্বংস করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্রনাথ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক সপ্তাহে মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে বিধান চন্দ্র সাহার সজীব পোল্ট্রি ফার্মের সাত শ’ মুরগি মারা যাওয়ায় পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে নমুনা পাঠানো হয়।
“সোমবার পরীক্ষার ফলাফল দেখে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হই আমরা। এরই ভিত্তিতে রাত ১১টার দিকে ওই খামারে মুরগি নিধন শুরু হয়।”
মানবেন্দ্রনাথ জানান, প্রায় দেড় ঘণ্টার অভিযানে চারশোর বেশি মুরগি নিধন এবং দেড় হাজারেরও বেশি ডিম মাটিতে পুতে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম ও সোনাইলতলা ইউপি চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ প্রাণী সম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪০ ঘ.
bdnews24