২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং ইলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী চোয়ে ইয়ং রিমের কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা উত্তর কোরিয়াবাসীর প্রতি সমবেদনা জানান। দেড় দশক ধরে সমাজতান্ত্রিক উত্তর কোরিয়া শাসন করে আসা কিম জং ইল গত শনিবার মারা যান বলে সোমবার দেশটির সরকার জানিয়েছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “১৭ ডিসেম্বর ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) ওয়ার্কার্স পার্টির মহাসচিব, কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান ও কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ডার এইচ ই কিম জং ইলের দুঃখজনক ও অকাল মৃত্যুতে বাংলাদেশের সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।” শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়াও আলাদা বিবৃতিতে কিম জং ইলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া বলেন, কিম জং ইলের মৃত্যুতে শুধু উত্তর কোরিয়াই নয়, গোটা বিশ্বের সমাজতান্ত্রিক আন্দোলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২১০ ঘ.