২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার কন্টেইনারে গাড়ি

এক কন্টেইনার সুতা আমদানির ঘোষণা দিয়ে দুটি দামি গাড়ি এনে চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কন্টেইনার সুতা আমদানির ঘোষণা দিয়ে দুটি দামি গাড়ি এনে চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গাড়ির সঙ্গে টেলিভিশন ও ফটোকপি মেশিনও এনেছে বলে জানিয়েছে বন্দরের শুল্ক কর্মকর্তারা। সোমবার সন্দেহজনক কন্টেইনারটি খুললে সাভারের গোল্ডটেক্স লিমিটেডের এ জালিয়াতির ঘটনা উদঘাটন হয়। মিথ্যা ঘোষণায় এসব পণ্য আমদানি করা হয় বলে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক কর্মকর্তা মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “আটক কন্টেইনারের কায়িক পরীক্ষা করে এতে একটি বিএমডব্লিউ গাড়ি এবং একটি অডি গাড়ি পাওয়া গেছে।” এছাড়া এতে ৪৫টি এলসিডি ও এলইডি টেলিভিশন এবং দুটি মডেলের ২৭টি ফটোকপি মেশিন পাওয়া যায় বলে জানান ফারুক। এ সব পণ্যের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে ধারণা করছেন শুল্ক কর্মকর্তারা। গত শনিবার রাতে কন্টেইনারটি স্ক্যান করার সময় সন্দেহজনক পণ্য আছে সন্দেহে আটক করা হয়। এরপর কন্টেইনারের কায়িক পরীক্ষার জন্য রোববার চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার জুয়েল আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ৩০ নভেম্বর এক কনটেইনার সুতো আমদানির দলিলপত্র কাস্টম হাউসে জমা দেয় আমদানিকারক ঢাকা ইপিজেডের গোল্ডটেক্স লিমিটেড। এটির স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট শিমুল এন্টারপ্রাইজ। আমদানিকারকরা ঘোষণা দেয়, কন্টেইনারে প্রায় ৬৭ হাজার মার্কিন ডলার মূল্যের ৪০০ কার্টনে ১৯ দশমিক ৮ টন সুতো রয়েছে। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শুল্ক কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০০ ঘ.