২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সংঘাত: ৭ মামলায় দেড় হাজার আসামি

বাসে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে মারা এবং ভাংচুর- অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে বিএনপির দেড় সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিলেট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে মারা এবং ভাংচুর- অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে বিএনপির দেড় সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ সোমবার সাংবাদিকদের জানান, নগরীর চার থানার সাতটি মামলায় বিএনপি ও ছাত্রদলের ১২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। রোববার রাতে পুলিশের দায়ের করা এসব মামলায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিকর্মীদের পুলিশ লাঠিপেটার পরপরই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বিস্ফোরণও ঘটে। মতিঝিলে বিস্ফোরণে মারা যান এক যুবক। এর পরপরই সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চ-িপুল এলাকায় একটি বাসে আগুন দিলে এক যাত্রীর মৃত্যু হয়। আজাদ জানান, দক্ষিণ সুরমা থানায় বাসে অগ্নিসংযোগে একজনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা এবং পুলিশকে মারধরের ঘটনায় আরো দুটি, গাড়ি ভাংচুর ও পুলিশকে মারধরের ঘটনায় কোতোয়ালি থানায় দুটি, ভাংচুর ও নাশকতার অভিযোগে জালালাবাদ ও শাহপরাণ থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৯ ঘ.