সিলেট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা পার হওয়ার সময় সিলেটে ট্রাকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শহরতলীর খাদিম নগর সুরমা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলো শহরতলির কল্লগ্রামের ফটিক মিয়ার ছেলে ফাহিম (৭) ও জবান মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (৭)। নিহতরা চাচাতো ভাইবোন।
তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় জাফলং থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক শিশু দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৯ ঘ.
bdnews24