ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতি যে চাপের মুখে পড়েছে, তা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে তিনি বলেন, এর পেছনে ‘অভ্যন্তরীণ নীতিগত’ অনেক কারণও দায়ী।
“উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতি বেশ সমস্যার শিকার হচ্ছে। এটা বলা যাবে না যে, শুধু আন্তর্জাতিক মূল্য পরিস্থিতির কারণেই এই মূল্যস্ফীতির ঘটনা ঘটছে। বরং এর জন্যে অভ্যন্তরীণ অনেক নীতিও দায়ী।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দলের সমালোচনা এবং অর্থনীতিবিদদের আশঙ্কার জবাবে অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, বিনিয়োগ ও লেনদেন ভারসম্য নিয়ে তিনি চিন্তিত, মূল্যস্ফীতি নিয়ে নন। দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সোমবার অর্থমন্ত্রী স্বীকার করেন, বাজেটে ভতুর্কি খাতে বরাদ্দ জিডিপির ২.৭ শতাংশ ধরা হলেও বাস্তবে তা আরো বাড়ছে।
বিদ্যুৎখাতে ভতুর্কির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “লক্ষমাত্রার চেয়ে ভতুর্কির পরিমাণ অনেক বেড়ে গেছে। জ্বালানি তেলে ও বিদ্যুতে মূল্য সমন্বয়ে দেরি হওয়াই এর বড় কারণ। তবে এসব ভতুর্কিতে শিল্প কারখানার যেমন উন্নতি ঘটেছে, জাতীয় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।”
সারের ক্ষেত্রে ভতুর্কির পরিমাণ লক্ষমাত্রার চেয়ে ‘অনেক বেশি হয়ে গেছে’ বলেও তিনি উল্লেখ করেন।
মুহিত বলেন, টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্যে দেশের মুদ্রা ও আর্থিক নীতিতে আরো সমন্বয় দরকার।
বাংলাদেশ ব্যাংক গর্ভনর আতিউর রহমান বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা মুদ্রা ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করবে।”
অন্যদের মধ্যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, অধ্যাপক জন লাক্সলি, জাতিসংঘ কর্মকর্তা আয়নুল হাসান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জিয়াউল হাসান সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ব্যাংক, ইউএন ডেসা ও ইউএন এসক্যাপ যৌথভাবে ‘মূল্যস্ফীতির পেছনের কারণ: স্থিতিশীল প্রবৃদ্ধি কার্যকর উন্নয়নের জন্যে বিকল্প নীতি ও কাঠামো’ শীর্ষক চার দিনের এই কর্মশালার আয়োজন করেছে।
১৮টি দেশের প্রতিনিধিরা ছাড়াও বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, জাতিসংঘের বিভিন্ন শাখা প্রতিষ্ঠান, গবেষক ও কূটনীতিকরাও এতে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৪৩২ ঘ.
bdnews24