২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সারা রাত বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সকালে শুরু হয়েছে। তবে ঘাটগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:47 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

মাদারীপুর/মানিকগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সকালে শুরু হয়েছে। তবে ঘাটগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় রোববার রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ নদীতে নোঙর করে রাখা হয় পঁচটি ফেরি। কাওড়াকান্দি ঘাটে আরো পাঁচটি ফেরি যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে। কাওড়াকান্দি ঘাটের নির্বাহী সহকারী আবদুল মজিদ জানান, কাওড়াকান্দি ঘাটে ফেরি রাণীক্ষেত, রাণীগঞ্জ, রামশ্রী, ফরিদপুর, ভাষা শহীদ বরকত যানবাহন নিয়ে সারা রাত আটকে থাকে। আর ফেরি কাকলী, কপোতী ফেরীসহ আরো পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয় মাঝ নদীতে। কুয়াশা কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে বাতেন জানান। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় কুয়াশার কারণে। বিআইডিব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দৌলতদিয়া ঘাটে ফেরি শাহ পরান এবং পাটুরিয়া ঘাটে শাহ আমানত, মতিউর রহমান, শাহ আলী, কেরামত আলী, হামিদুর রহমান যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে। আর শাহ জালাল, খান জাহান আলী, কেরামত আলী ও ফেরি কুমারী মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। ফলে কনকনে শীতের মধ্যে দুর্ভোগে পড়েন আরোহীরা। কুয়াশা কমে আসায় সোমবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়। তবে দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয় বলে ঘাটের কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৫ ঘ.