মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়া লঞ্চঘাটের অদূরে রোববার সন্ধ্যায় লঞ্চ ও তেলের ট্যাঙ্কারের সংর্ঘষে অন্তত ৫০ জন যাত্রী পদ্মা নদীতে পড়ে গেছে।
সবাই উঠতে পারলেও অন্তত আটজন নিখাঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছে। তবে পুলিশ একজন নিখোঁজ হওয়ার কথা নিশ্চিত করেছে।
এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
নিখোঁজদের একজন হল মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামের ইলিয়াস মুন্সীর ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র রিফাত মুন্সী।
রিফাতের চাচী আছমা হোসেন এই নিখোঁজের কথা নিশ্চিত করেছেন।
লঞ্চযাত্রী প্রত্যক্ষদর্শী লিয়াকত হোসেন জানান, শরিয়তপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা একটি লঞ্চ দেড় শতাধিক যাত্রী নিয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে মুন্সীগঞ্জগামী একটি তেলের ট্যাঙ্কার সজোরে ধাক্কা দেয়।
এ সময় লঞ্চের ডেকে থাকা ৫০ জনের মতো যাত্রী নদীতে পড়ে যায়। আহত হয় কমপক্ষে ৩০ যাত্রী।
আহতদের মধ্যে রয়েছেন কাজিরপুরের সোহরাব হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮), মামুন (১৫), বাকেরগঞ্জের ফজলুল রহমানসহ প্রায় ৩০ জন। গুরুতর আহত এক শিশুকে সাতঘড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপর প্রত্যক্ষদর্শী যাত্রী ইন্সুরেন্স কর্মকর্তা মাহাবুব রহমান জানান, ৫০ জনের মত যাত্রী নদীতে ছিটকে পড়লেও ৭-৮জন যাত্রী নিখোঁজ হয়েছে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানান, তেলের ট্যাঙ্কারটি আটক করেছে। তবে এর মাস্টার পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
মাওয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তায়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যাত্রীদের একেকজন একেক কথা বলছে। সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি।
তবে নদীতে খোঁজ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১২৮ ঘ.
bdnews24