ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠন নিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে ২২ ডিসেম্বর থেকে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রোববার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রথম দিন সকাল ১১টায় জাতীয় পার্টি (এইচএম এরশাদ) ও বেলা ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে (ইনু) সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেস সচিব বলেন, “প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।”
পর্যায়ক্রমে অন্যান্য দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান নেছার উদ্দিন।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি।
বিএনপি ইমিধ্যে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব এক প্রশ্নের জবাবে বলেন, “প্রয়োজন হলে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে বাকি যারা ‘ইম্পোর্টেন্ট’ তারাও আসবে। এ জন্যে যতদিন দরকার ততদিন সংলাপ চলবে।”
নির্বাচন কমিশনের কাছে বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৩৮টি।
এর মধ্যে নবম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দল রয়েছে আটটি। এগুলো হলো- ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সংসদে প্রতিনিধিত্ব করছে।
সংসদে ৩০০ আসনের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের (নৌকা প্রতীকে আওয়ামী লীগসহ অন্য দল জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি-২ ও স্বতন্ত্র ৩) ২৩৯ আসন, জাতীয় পার্টির ২৫ আসন, বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের (বিজেপি-১) ৩২ আসন, জামায়াতে ইসলামীর ২ আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি আসন রয়েছে। এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন এক জন।
এর বাইরে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪১টি, বিএনপির ৫টি এবং জাতীয় পাটির্র ৪টি আসন রয়েছে।
২০০৭ সালের ফখরুদ্দীন আহমেদ-এর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ৫ ফেব্র“য়ারি সিইসি এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং ১৪ ফেব্র“য়ারি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিয়োগ পান।
এর আগে বিএনপি-জামায়াত জোটের নিয়োগ দেওয়া বহুল আলোচিত বিচারপতি এম এ আজিজসহ সাত সদস্যের কমিশনকে আন্দোলনের মুখে বিদায় নিতে হয়।
নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বর্তমান নির্বাচন কমিশন একটি খসড়া আইনেরও প্রস্তাব করে গত তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বর্তমান সরকারের কাছেও একই ধরনের আইন প্রণয়নের জন্য নিবন্ধিত দলগুলোর মতামতও নিয়েছে।
এ মাসে তা সরকারের কাছে প্রস্তাবিত আইনের খসড়া দেওয়ার কথা রয়েছে।
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৯ জন নির্বাচন কমিশনার ও ১০ জন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পান।
পঞ্চদশ সংবিধান সংশোধনীতে সিইসিসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এর আগে সর্বোচ্চ কত সদস্যের ইসি থাকতে পারবে সে বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ করা ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৯ ঘ.
bdnews24