২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই লাশ ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

দিনাজপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে তারা। রোববার দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র পতাকা বৈঠক শেষে লাশ দু’টি ফেরত দেওয়া হয়। এ সময় সীমান্তে আর গুলি না চালানোর প্রতিশ্র“তি দেন বিএসএফ কর্মকর্তারা। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের মতিয়ার রহমান (২০) এবং বিরামপুরের রনগাঁও গ্রামের তাইজুল ইসলাম (২৬)। বিরামপুর উপজেলার কাটলা সীমান্তে শুক্রবার গভীর রাতে এই দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা। শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও বিএসএফের গুলিতে আলমগীর ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি নিহত নিহত হন। তার বাড়ি উপজেলার কৃষ্ণানন্দ বকশী গ্রামে। বিরামপুরের বিজিবি ভাইগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল কাদের মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দাউদপুর সীমান্তে মেইন পিলার ২৮৯ এর ৫৬ সাব পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত দুই বাংলাদেশীর লাশ হস্তান্তর করে। লাশ ফেরত দেয়ার সময় ভাইগড় কোম্পানি কমান্ডার মো. আব্দুল কাদের মীর, বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এবং ভারতের আগ্রা কোম্পানি কমান্ডার রাকেশ কুমার উপস্থিত ছিলেন। ৪০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক তারেক ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় রোববার দুপুরে বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বিএসএফ ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএস জোহাল দুঃখ প্রকাশ করে সীমান্তে আর গুলি না চালানোর আবারো প্রতিশ্র“তি দেন। বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি বছরের শুরুতে তাদের প্রতিবেদনে ভারত সরকারের কঠোর সমালোচনা করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, হতাহতের ঘটনা কমিয়ে আনতে বিএসএফ সদস্যদের তারা ‘প্রাণঘাতি নয়’- এমন অস্ত্র সরবরাহ করছে। গত কিছুদিনে সীমান্তে হত্যার ঘটনা কিছুটা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিটি বৈঠকেই এ বিষয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.