খুলনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্ত্র মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার রাতে শ্বাসকষ্টের কারণে শহিদুল শেখের (৩০) মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
শহিদুল শেখ বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের প্রয়াত শেখ শফিউদ্দিন চৌকিদারের ছেলে। গত ১০ ডিসেম্বর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।
খুলনা জেল সুপার এস এম শাহ আলম খান সাংবাদিকদের জানান, গত ৯ ডিসেম্বর শহিদুলকে কয়েক সঙ্গীসহ সুন্দরবনের জংরা খাল এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দাকোপ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারাগারে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন শহিদুল।
সঙ্গে সঙ্গেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান জেল সুপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৫ ঘ.
bdnews24