ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করতে আগামী মাস থেকে ‘বিশেষ ডেস্ক’ চালু করবে সদ্য চালু হওয়া প্রবাসী কল্যাণ ব্যাংক।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কায়েস সামি এ তথ্য জানান।
এ সময় নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরীও উপস্থিত ছিলেন।
“বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অভিবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ” উল্লেখ করে কায়েস সামি বলেন, “এ বছর প্রবাসী কর্মীদের কাছ থেকে এক হাজার দুইশ’ কোটি ডলার রেমিটেন্স হিসেবে দেশে আসবে বলে আশা করা হচ্ছে।”
তিনি বলেন, “প্রবাসী কল্যাণ ব্যাংক কোনো জামানত ছাড়াই শুধু স্থানীয় গ্যারান্টরের ওপর ভিত্তি করে বিদেশ যেতে ইচ্ছুকদের ঋণ দিয়ে যাচ্ছে। গত চার মাসে ৯৬ শতাংশ অর্থ ফেরত এসেছে। দেশের অনেক ব্যাংকেই এ ধরনের ‘রিকভারী রেট’ নেই।”
“এছাড়া কোনো নারী শ্রমিক যদি তিন মাসের মধ্যে বিরূপ পরিস্থিতির কারণে বিদেশ থেকে ফেরত আসেন তাহলে প্রবাসী কল্যাণ ইন্সুরেন্সের মাধ্যমে তার ব্যয়ের একটা অংশ প্রবাসী কল্যাণ ব্যাংক বহন করে।”
‘বাংলাদেশের নারী অভিবাসনঃ প্রত্যাশা এবং প্রতিবন্ধকতা’ শিরোনামের এ সেমিনারে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, “বিদেশে যেতে ইচ্ছুক নারীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা কাক্সিক্ষত দেশে গিয়ে সম্মানজনকভাবে উপার্জন করতে পারেন। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিদেশে যেতে ইচ্ছুক নারীদের ভাষা ও গৃহস্থালী কাজের প্রশিক্ষণ দিচ্ছে।”
তিনি জানান বর্তমানে বাংলাদেশের মোট অভিবাসীর সাত শতাংশ নারী।
বিদেশে নারীর পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান তিনি।
সেমিনারে জাতিসংঘ উওম্যানের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার নাহিদ এম আহমেদ জানান, বর্তমানে বিশ্বের ৪৩টি দেশে বাংলাদেশের নারীরা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন।
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো ও ইউএন উওম্যান যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. মো. নুরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/পিডি/১৯৩১ ঘ.
bdnews24