চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শিবগঞ্জ উপজেলার চরজগন্নাথপুর গ্রামে আবুল কাসেমের (৫৫) লাশ পাওয়া যায়।
তিনি চরজগন্নাথপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি চরজগন্নাথপুর গ্রামে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় এই শিক্ষক স্থানীয় ফিল্ডের হাট থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
পিটিয়ে এবং গলায় মাফলার জড়িয়ে কাসেমকে হত্যা করা হয় বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে বেশ কিছুদিন যাবৎ আবুল কাসেম ও শাহজাহানের মধ্যে বিরোধ চলছিল। সম্ভবত এর জের ধরে আবুল কাসেম খুন হয়ে থাকবেন।
নিহতের ভাই সেতাব উদ্দীন বাদী হয়ে শাহজাহানসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24