সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, সিলেটের পর সিরাজগঞ্জেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আর বগুড়য়ায় একটি বাস ভাংচুর করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিরাজগঞ্জের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আউয়াল ও বিএনপিকর্মী খবির উদ্দিনকে আটক করেছে পুলিশ।
রোববার ঢাকায় গোলযোগ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে ঝাঐল ওভারব্রিজ এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর সার্কেলের এএসপি শফিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১টার দিকে বিএনপি নেতাকর্মীরা শ্যামলী পরিবহনসহ আরো ৩-৪টি বাসে ভাংচুর চালায়।
তিনি জানান, চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে একটি ট্রাক ও একটি বাস দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তারা। যাত্রীরা এ সময় দ্রুত বাস থেকে নেমে যায়।
“এক পর্যায়ে তারা মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়,” বলেন তিনি।
প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে শফিকুল জানান।
বাসে আগুন দেওয়ার আগে যাত্রীরা নেমে পড়ায় হতাহতের ঘটনা না ঘটলেও মালপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে বাসযাত্রীরা।
ওদিকে, ঢাকার ঘটনার জের ধরে বগুড়াতেও বিএনপিরকর্মীরা দুপুর সোয়া ১টার দিকে ফটকি সেতু এলাকায় ঢাকা থেকে নীলফামারীগামী ভাই ভাই পরিবহনের একটি বাস ভাংচুর করেছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি কর্মীরা একটি বাস ভাংচুর করেছে। তারা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকর্মীদের লাঠিপেটার পর রাজধানীর কয়েকটি স্থানে বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকায় বিস্ফোরণে মারা যান এক জন। এছাড়া সিলেটে বাসে আগুন দেওয়ায় মারা যান এক জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১৮ ঘ.
bdnews24