ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে দেশের প্রধান নৌপথগুলোতে নৌ চলাচল দারুণভাবে বিঘিœত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচলও শুক্রবার রাত থেকে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় শুক্রবার রাত ১টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এই সময় দেড় শতাধিক যানবাহন নিয়ে ফেরি ভাষা শহীদ রবকত, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রামশ্রী, রানীগঞ্জ, রানীক্ষেত, যমুনা, টাপলো, কাবেরী, কপোতী ও ফেরি কিশোরী মাঝ নদীতে আটকা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে পড়ে দুই হাজারেরও বেশি যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) মাওয়া ঘাটের এজিএম আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।”
তিনি জানান, কুয়াশা পুরোপুরি না কাটায় ফেরি চলছে মন্থর গতিতে। মাওয়ায় দেড় শতাধিক যানবান পরাপারে অপেক্ষায় রয়েছে।
বিআইডিব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবগুলো ফেরি আবার চালু হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি আমরা।”
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কাটার পর চলাচল শুরু হয় শনিবার সকাল সাড়ে ১০টার পর।
বিআইডিব্লিউটিএর পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, “কুয়াশা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”
ফলে ফেরি কেরামত আলী, শাহ জালাল ও শাহ আমানত সারা রাত যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে থাকে। এছাড়া ফেরি হামিদুর রহমান; খান জাহান আলী, কুমারী, মতিউর রহমান ও শাহ আলী দৌলতদিয়ায় এবং ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ পরান পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে সকাল পর্যন্ত।
সারা রাত ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে হাজার খানেক গাড়ি আটকা পড়লে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বিআইডিব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বলেন, আবহওয়া একটু ভালো হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।
এদিকে ঘন কুয়াশার কারণে পদ্মা, ধলেশ্বরী, মেঘনা ও ইছামতি নদীতেও নৌ চলাচল ব্যবহত হয়। বিভিন্ন স্থানে অন্তত ১৩টি লঞ্চসহ শতাধিক নৌযান সকাল ৯টা পর্যন্ত আটকে ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর সেগুলো আবার গন্তব্যের উদ্যেশ্যে রওনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪৪ ঘ.
bdnews24