২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৭

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরে দুজন, নওগাঁয় দুজন এবং মাগুরা, চুয়াডাঙ্গা ও মাদারীপুরে এক জন করে নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিদিদের পাঠানো খবর- গাজীপুর: শুক্রবার সকালে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এদের এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মহেলা বেগম। মহাসড়ক পুলিশের কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজাবাড়ি এলাকায় ট্রাকের চাপায় নিহত হন মানসিক প্রতিবন্ধী মহেলা। অন্য দুর্ঘটনাটি ঘটে শ্রীপুরের মাওনা কাঁচাবাজার এলাকায়। সকাল ৯টার দিকে ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হন বলে জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রহিজ উদ্দিন। মাগুরা: সদর উপজেলার শিমুলিয়া গ্রামে শুক্রবার সকালে বাসের চাপায় মোসলেম শেখ (৬০) নামে এক কৃষক নিহত হন। তার বাড়ি একই উপজেলার জাগলা গ্রামে। সকাল ১১টার দিকে শিমুলিয়া এলাকায় খুলনা থেকে ঢাকাগামী এ কে ট্রাভেলসের একটি বাস তাকে চাপ দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানান, বাসটি আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা: সদর উপজেলার ছয়মাইল এলাকায় শুক্রবার দুপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মটর সাইকেল আরোহী পদ্ম মিয়া (৩৫)। তিনি মেহেরপুর জেলা শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার সেন্টু মিয়ার ছেলে। মটর সাইকেলের অন্য দুই আরোহীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি শামীম মুসা। নওগাঁ: ধামইরহাটে ভটভটি ও মটর সাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধামইর-জয়পুরহাট সড়কের জাহানপুর স্কুলের পূর্ব পাশে একটি মটর সাইকেলের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেলের চালক দেওয়ান আজিজুল ইসলাম (৫৮) ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি উপজেলার কড়য়ডাঙ্গা গ্রামে। এ দুর্ঘটনায় আহত মটর সাইকেল আরোহী তোজাম্মেল হককে (৬০) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় তিনি মারা যান। তার বাড়ি উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে। মাদারীপুর: রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় জুয়েল বেপারী (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হন। তিনি রাজৈরের সানেরপাড় গ্রামের আব্দুল মজিদ বেপারীর ছেলে। দুর্ঘটনায় জুয়েলের বন্ধু মটর সাইকেল চালক এমারত হোসেন মাতুব্বর গুরুতর আহত হন বলে রাজৈর থানার ওসি মো. নওশের আলী জানান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২১৫১ ঘ.