নোয়াখালী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির স্থানীয় এক নেতা খুন হয়েছেন।
নিহত আব্দুল ওহাব (৫২) চর কাঁকড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। বুধবার রাতে হত্যার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে কামাল উদ্দিন সোহেল বাদি হয়ে অজ্ঞাতনামা লোকদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী সাংবাদিকদের জানান, সকালে স্থানীয়রা ওহাবের বাড়ির উত্তরদিকে ছাড়াভিটি জঙ্গলে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
মামলায় বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে ওহাব বাজার থেকে বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেননি।
ওসি বলেন, রাতে যখন ওহাব বাড়ি থেকে বের হন, তখন বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন, তাই কারা তাকে ডেকে নেয়, তা বাড়ির লোকজন দেখেননি বলে জানিয়েছেন।
হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি নিহতের স্বজনরা। পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৮ ঘ.
bdnews24