২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনে ২ কোটি শিশুকে খাওয়ানো হবে পোলিও টিকা

জাতীয় টিকা দিবসে দুই ভাগে সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে; যার প্রথমটি হবে ৭ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় টিকা দিবসে দুই ভাগে সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে; যার প্রথমটি হবে ৭ জানুয়ারি। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পোলিও দূরীকরণ ও হাম নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এ কথা জানান। পোলিওমুক্ত অবস্থা বজায় রাখতে সরকার এ বছর ৭ জানুয়ারি ও ১১ ফেব্র“য়ারি দুই পর্বে ২০তম জাতীয় টিকা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এবার পাঁচ বছরের কম প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। প্রথম রাউন্ডে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে।” এছাড়া ছয় থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মন্ত্রী জানান, টিকা দিবসের দ্বিতীয় রাউন্ডেও পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ২৪ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি কৃমিনাশক বড়ি খাওয়াতে হবে। সভায় জানানো হয়, ২০তম টিকা দিবস পালন করতে সরকারের ৭৭ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৭৮৪ টাকা ব্যয় হবে। এ অর্থের ৯৫ শতাংশই রাজস্ব খাত থেকে আসবে। এক লাখ ৪০ হাজার কেন্দ্রের মাধ্যমে এ বছর শিশুদের টিকা খাওয়ানো হবে। এছাড়াও ২০ হাজার ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মী বাস স্টেশন, লঞ্চঘাট ও সীমান্তবর্তীসহ বিভিন্ন দুর্গম এলাকায় শিশুদের টিকা খাওয়াবে। সভায় স্বাস্থ্য সচিব হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এমএম নিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭১৭ ঘ.