মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলে বৃহস্পতিবার সকাল ৭টায় ফেরি আবার চালু হয়।
এই সময়ে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাবেরী ও টপলী কাওড়াকান্দি ঘাটে এবং ফেরি ভাষাশহীদ বরকত, যমুনা ও কপোতী যানবাহন নিয়ে মাওয়া ফেরিঘাটে আটকে থাকে।
এ ছাড়া ফেরি রানীক্ষেত, করবী ও কিশোরী রাতে মাঝপদ্মায় নোঙ্গর করে রাখা হয়। ফলে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যানবাহনে আটকে থাকা যাত্রীদের।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা সিরাজুল হক জানান, ফেরি বন্ধ থাকায় সকালে উভয় ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এদিকে কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে পদ্মা, ধলেশ্বরী, মেঘনা ও ইছামতি নদীতেও নৌ চলাচল বন্ধ থাকে। বিভিন্ন স্থানে অন্তত ১৮টি লঞ্চসহ শতাধিক নৌযান আটকা পড়ে।
সকালের দিকে কুয়াশা কাটরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে বিআইডিব্লিউটিসির কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১১৩৩ ঘ.
bdnews24