২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩০ যাত্রী নিখোঁজ

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবিতে অন্তত ৩০ যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবিতে অন্তত ৩০ যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফের অদূরে সেন্টমার্টিন উপকূলের কাছে ১৩০ জন যাত্রী নিয়ে এই ট্রলারডুবি হয় বলে ফিরে আসা কয়েকজন এবং স্থানীয়রা জানিয়েছেন। তবে বিষয়টি পুলিশ শুনলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি। ফিরে আসাদের মধ্যে রয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ার আব্দুর রহমান (২২), নয়াপাড়ার মোস্তাক আহমেদ (২৫) ও পূর্বপাড়ার আব্দুর রহিম (৩০)। তাদের বরাত দিয়ে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির জানান, মঙ্গলবার রাতে টেকনাফের কয়েকজন দালাল বাংলাদেশ ও মিয়ানমারের ১৩০ জনের মতো যাত্রী একটি ট্রলারে নিয়ে মালয়েশিয়া যাত্রা করে। যাত্রার শুরুতেই ফেটে গিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়। সেন্টমার্টিন উপকূলের ‘বাইশ বাইন’ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। ফিরে আসা ওই কয়েকজন আরো জানান, ট্রলারটি ডুবতে শুরু করলে যাত্রীদের অধিকাংশই অন্য একটি মাছধরা ট্রলারে এবং কেউ কেউ সাঁতরে কূলে ফিরে আসেন। টেকনাফ থানার ওসি মাহবুবুল হক সাংবাদিকদের জানান, “মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির খবর শুনেছি। তবে এই ঘটনায় ফেরত আসা কাউকে ধরা যায়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৭ ঘ.