ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইসহাক (৫০) হত্যা মামলার রায় চলতি মাসে দেবে আদালত।
বুধবার মামলাটিতে আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার আসামি পক্ষের শুনানির দিন নির্ধারণ করেছেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন।
রাষ্ট্রপক্ষে এ মামলাটি পরিচালনাকারী এ আদালতের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুই-একদিনের মধ্যে শুনানি গ্রহণ শেষ করে বিচারক এ মাসের মধ্যেই রায় ঘোষণা করবেন।
এ মামলার আসামিরা হলেন- আবদুর রহিম সরদার (৪৩), মো. কাজী বায়েজিদ (৪২), মো. নাজিম উদ্দিন (৪০), মো. নাঈম খান (৪৫) ও মুরাদ হোসেন (৪৫)।
এদের মধ্যে নাজিম জামিনে এবং নাঈম ও মুরাদ পলাতক রয়েছেন।
গত ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাসার চার তলা থেকে শেকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মাওলানা ইসহাকের লাশ উদ্ধার করা হয়।
পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই মো. শোয়াইব।
মামলার অভিযোগে বলা হয়, ইসহাকের আত্মীয় ইলিয়াস মোল্লা চট্টগ্রামে তার লবণের কারখানা অন্য এক আত্মীয় আবদুর রহিমের কাছে বিক্রি করেন। মূল্য পরিশোধ সত্ত্বেও ইলিয়াস কারখানা রেজিস্ট্রেশন করে না দিলে এতে আপোষের চেষ্টা করেন ইসহাক। তিনি নিজেও রহিমের কাছ থেকে টাকা পেতেন। মধ্যস্থতা ও পাওনা নিয়ে গণ্ডগোলের জের ধরে মাওলানা ইসহাককে অপহরণের পর খুন করা হয়।
মামলাটিতে গত ৯ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. শহিদুল্লাহ পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
আসামিদের পক্ষের আইনজীবীদের একজন মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষ্য দেয়। আসামি পক্ষ তাদের আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষী হাজির না করলেও নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান।
এ আইনজীবী বলেন, “মামলাটির ঘটনার কোন চাক্ষুস সাক্ষী ছিল না। রাষ্ট্র পক্ষের সব সাক্ষীই অনুমানের ওপর নির্ভর করে সাক্ষ্য দিয়েছেন।”
রাষ্ট্র পক্ষের আইনজীবী রফিকুল বলেন, “অপহরণের পর হত্যাকাণ্ডে সাধারণত চাক্ষুস সাক্ষী থাকে না। রাষ্ট্র পক্ষের সাক্ষীরা মামলাটি প্রমাণে যথেষ্ট পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ হাজির করতে সক্ষম হয়েছেন।”
এ আইনজীবী জানান, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এ আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়।
মামলার নথিসূত্রে জানা গেছে, আসামি বায়েজিদ নিজেকে ও অন্য আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০২৫ ঘ.
bdnews24