২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকল যন্ত্রাংশ: ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) যন্ত্রপাতি তৈরির কারখানা গালফ্রা হাবিবের উন্নয়নে ভারতীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান লগান ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) যন্ত্রপাতি তৈরির কারখানা গালফ্রা হাবিবের উন্নয়নে ভারতীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান লগান ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিজেএমসি ভবনে বুধবার গালফ্রা হাবিবের পক্ষে বিজেএমসির চেয়ারম্যান তুলশী দাস মিত্র এবং লগান ইঞ্জিনিয়ারিংয় কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অনিরুধ কাজারিয়া এতে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী, লগান ইঞ্জিনিয়ারিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে গালফ্রা হাবিবের উন্নয়নে বিনিয়োগ করবে। এতে মোট ব্যয় হবে ছয় কোটি টাকা। যা উভয় প্রতিষ্ঠান সমানভাবে বিনিয়োগ করবে। লগান ইঞ্জিনিয়ারিং এ অর্থ ছাড়াও প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধি খাতে বিনিয়োগ করবে। প্রাক্কলিত বিনিয়োগের অর্থ সাত দশমিক ৯৫ বছরে ফিরিয়ে নেবে প্রতিষ্ঠানটি। মিলটি ২০১৫ সাল থেকে মুনাফা অর্জন করতে সক্ষম হবে। স্বাক্ষর অনুষ্ঠানে পাটখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে লতিফ সিদ্দিকী বলেন, ১৯৮২ সাল থেকে পাটখাতে নতুন জনবল নিয়োগ হয়নি। বর্তমান সরকার প্রায় এক হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা গেলে এরাই আগামী ৩০ বছর এ খাতকে বাঁচিয়ে রাখবে বলে মনে করেন তিনি। বর্তমানে গালফ্রা হাবিব বছরে ৩২৫ মেট্রিক টন যন্ত্রপাতি উৎপাদন করে। ২০১৩ সালে সম্ভাব্য উৎপাদন হবে ৪২৩ মেট্রিক টন। পরের বছর তা বেড়ে ৪৫৫ টন হবে। ২০২১ সালে গালফ্রা হাবিব এর উৎপাদন দাঁড়াবে ৯৭৫ মেট্রিক টনে। এছাড়া এ প্রকল্পের অধীনে ’১৪ সালে ৫০টি, ’১৫ ও ’১৬ সালে ৯৮টি, ’১৭ সালে ১৫০টি, ’১৮ ও ’১৯ সালে ১৯৫টি, ’২০ সালে ২৪৮টি এবং ২০২১ সালে ২৯৩টি ক্যাপিট্যাল মেশিনারী প্রস্তুত করা সম্ভব হবে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল এবং লগান ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯১৭ ঘ.