রাঙামাটি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বাঙালি মটর সাইকেল চালকের লাশ উদ্ধারের ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় রাঙামাটির বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলার রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া থেকে বুধবার সকালে ওই মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুস সাত্তার (২৭) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখারী ইউনিয়নের মুসলিম পাড়ার ইদ্রিস আলী ছেলে। তিনি মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
স্থানীয়রা বলছে, সাত্তারকে পাহাড়িরা হত্যা করেছে বলে বাঙালিদের সন্দেহ। এ নিয়ে দেখা দেয় দুই পক্ষের উত্তেজনা।
স্থানীয় বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্পের কার্যালয় ভাংচুর এবং প্রকল্পের দুই কর্মকর্তা মুকুল ত্রিপুরা ও শান্তিপ্রিয় চাকমাকে মারধর করে।
এর পরিপ্রেক্ষিতে বাঘাইছড়ির পৌর এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
পার্বত্য উন্নয়ন বোর্ডের কার্যালয় ভাংচুরের সময় জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়া হয় বলে বিজিবির মারিষ্যা ক্যাম্পের অধিনায়ক মনির হাসান সাংবাদিকদের জানিয়েছেন।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, সাত্তারের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দীঘিনালা থেকে সাত্তার মটর সাইকেলে দুই যাত্রীকে নিয়ে বাঘাইছড়িতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সকালে লাশ পাওয়া যায় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০৭ ঘ.
bdnews24