২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট অসহনীয়, কমাতে হবে যে কোনো মূল্যে: মন্ত্রী

যে কোনো মূল্যে রাজধানীর যানজট কমাতে হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে মানুষের প্রত্যাশার চাপ হতাশায় রূপান্তরিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো মূল্যে তা সহনীয় পর্যায়ে আনতে হবে। জনগণের ভোগান্তি কমানোকেই অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে বুধবার রাজধানীতে এক সভায় তিনি বলেন, “ঢাকা মহানগরীর অসহনীয় যানজটে মানুষের ভোগান্তির পাশাপাশি কর্মঘণ্টা নষ্ট হছে। যে কোনো মূল্যে যানজট সহনীয় পর্যায়ে আনতে হবে।” যানজট সহনীয় পর্যায়ে আনতে না পারলে সরকারের ওপর মানুষের ‘প্রত্যাশার’ চাপ ‘হতাশায়’ রূপান্তরিত হবে বলেও মন্তব্য করেন নতুন এই মন্ত্রী। বর্তমান সরকারের গত তিন বছরে যোগাযোগ মন্ত্রাণলয়ের দায়িত্বে থাকা সৈয়দ আবুল হোসেনকে বেহাল সড়ক ব্যবস্থা ও দুর্ঘটনার কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় চলতি বছর। এ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী কাদের বুধবার নগরভবনে ঢাকা ট্রান্সপোর্ট কো-অডিনেশন বোর্ড (ডিটিসিবি) কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও বিদেশি পরামর্শকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক করেন। যানজট নিরসনে সমন্বিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে কাদের বলেন, সম্পদ সীমিত হওয়ায় জনসম্পৃক্ত সমস্যাগুলোর সমাধানেই অগ্রাধিকার দিতে হবে। “আমাদের হাতে সময় বেশি নেই, কিন্তু অনেক কাজ বাকি। লম্বা লম্বা নয় বরং জনগণকে ছোট ছোট স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়ন করতে হবে।” ঢাকা মহানগরীর যানজট নিরসনে বাস রুট পুনঃনির্ধারণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে সভায় জানানো হয়, আগামী জানুয়ারি থেকে মহানগরীর আবদুল্লাহপুর থেকে মতিঝিল ও মিরপুর থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাসে ই-টিকেট চালু হবে। মেট্রোরেল, বিআরটি, ই-টিকেটিং, প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয় এ সভায়। অন্যদের মধ্যে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, ডিটিসিবির নির্বাহী পরিচালক ড. সালেহ উদ্দিন সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৪৫২ ঘ.