২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার মামলা থেকে র‌্যাব সদস্যের অব্যাহতি

একটি ক্রসফায়ারের মামলায় র‌্যাব সদস্যদের বাদ দিয়ে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

বরিশাল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ক্রসফায়ারের মামলায় র‌্যাব সদস্যদের বাদ দিয়ে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বরিশালের একটি আদালত। মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. মাসুদুর রহমান এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে জাহাঙ্গীর মাতুব্বর, কালাম খাঁ, দুলাল খাঁ, আনছার সিকদার, আতাহার দেওয়ান, বাচ্চু খাঁ, ছালাম মুন্সী, ইব্রাহিম, জাকির মাতুব্বর,আব্বাস খাঁ ও ছালাম খাঁ’র বিরুদ্ধে। ২০১০ সালের ৪ জুলাই রাতে মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মজনু খাঁ ও কালাম সরদার। ওই বছরের ৮ জুলাই নিহত মজনু খাঁ’র বোন রিনা খান বাদী হয়ে র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মুনিরুল হক ও র‌্যাব-৮’র ১নম্বর সিপিসির অধিনায়ক মেজর রাশেদুল হক খান এবং আরো ২৯ জনকে আসামি করে আদালতে মামলা করেন। বাদী মামলায় অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাচ্চু খাঁসহ অন্য আসামিরা র‌্যাবের দুই কর্মকর্তাকে দিয়ে এই হত্যার পরিকল্পনা করে। অভিযোগ বলা হয়, মজনু ও কালামকে সাদা পোশাকের একটি দল বরিশাল নগরীর নাজিরের পোল এলাকা থেকে দুপুরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে হাত-পা ভেঙ্গে মুখের মধ্যে মাটি ও কাপড় ঢুকিয়ে গুলি করে হত্যা করে। জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শরীফ মো. সানাউল হক অভিযোগটি মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠান। বিচারিক হাকিম মোহাম্মদ আলতাফ হোসাইন মুলাদী থানার ওসিকে দু’সপ্তাহের মধ্যে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মুলাদী থানার ওসি’র দেওয়া প্রতিবেদনের উপর নারাজি দেন বাদী রিনা খান। ৩০ জুন হাকিম মোহাম্মদ আলতাফ হোসাইন ওসির প্রতিবেদন ও রিনা খানের নারাজি কোনটিই গ্রহণ না করে অভিযোগ তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। প্রায় এক বছর পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গত ৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে তিনি র‌্যাবের দুই সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। মজনু ও কালাম নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ ২০১০ সালে ৫ জুলাই একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এ দু’জন নিহত হন বলে দাবি করা হয়। মুখ্য বিচার বিভাগীয় হাকিমের বেঞ্চ সহকারী মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনে র‌্যাবের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতি এবং ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। আগামী ২৩ ফেব্র“য়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল বিষয়ক শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.