ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার জাতির জন্যে ক্ষতিকর কিছুই মেনে নেবে না।
মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের দেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হচ্ছে- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্র“তা নয়। কিন্তু দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কারো সঙ্গেই আপোষ করব না।”
তিনি বলেন, সরকার শান্তি ও সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং সব বিতর্কিত বিষয়ের শান্তিপূর্ণ সমাধান চায়।
তার সরকার সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১১-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সশস্ত্র বাহিনীর সদস্য এবং উচ্চ পর্যায়ের সিভিল সার্ভিস অফিসারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১৯৯৮ সালে তার সরকার ন্যাশনাল ডিফেন্স কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করা প্রসঙ্গে বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। এরপরও সরকার একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনীর গুরুত্ব অনুভব করে সশস্ত্র বাহিনীর সব প্রয়োজন আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে।”
“সশস্ত্র বাহিনীর উন্নয়নে অতীতের যেকোনো সরকারের চেয়ে গত তিন বছরে অনেক বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে” উল্লেখ করে এনডিসির উন্নয়ন ও আধুনিকায়নের আশ্বাস দেন তিনি।
দেশের অবকাঠামো উন্নয়ন, বন্দরে খাদ্যশস্য খালাস, যানজট নিরসন, গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা এবং মেশিন রিডেবল পাসপোর্ট তৈরিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা বিদেশে জাতিসংঘ মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
ত্রয়োদশ ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং দশম আর্মড কোর্সেস ওয়ার কোর্স যারা সফলতার সঙ্গে শেষ করেছে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এনডিসি কোর্স-২০১১তে অংশ নেয় ৫৩ জন। এদের ৩২ জন বাংলাদেশের এবং ২১ জন অন্যান্য রাষ্ট্রের। দশম আর্মড কোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ২৪ জনের সবাই বাংলাদেশি। প্রধানমন্ত্রী দুই কোর্সে অংশগ্রহণাকীরদের হাতে সনদপত্র তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৪৩ ঘ.
bdnews24