ভোলা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় জলদস্যুর সঙ্গে গোলাগুলিতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢালচরের কাছে চর শাহজালালের বনে এ ঘটনায় আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, কনেস্টবল খায়রুল, মতিন ও সামছুদ্দিন।
ঘটনাস্থল থেকে বেশকিছু দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে জলদস্যুরা গভীর বনের দিকে পালিয়ে যায়।
পরে সেখান থেকে দুটি দেশি বন্দুক, সাতটি রামদা ও অস্ত্র তৈরির একটি লেদ মেশিন উদ্ধার করা হয়, বলেন পুলিশ কর্মকর্তা।
চরফ্যাশনে ফিরে আসার পর তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান ওসি।
আহত এসআই হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ও এএসআই নজরুল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বাকিরা ছোটাছুটিতে আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24