২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভিক্ষুক পুনর্বাসন’ শুরু জানুয়ারিতে

রাজধানীতে ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ১০ শতাংশই ময়মনসিংহ জেলার। তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে জানুয়ারিতে শুরু হচ্ছে সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন’ কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ১০ শতাংশই ময়মনসিংহ জেলার। তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে জানুয়ারিতে শুরু হচ্ছে সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন’ কার্যক্রম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে ভিক্ষুক জরিপের তথ্য পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। ভিক্ষুক পুনর্বাসন সেলের প্রধান (যুগ্ম সচিব) গাজী মোহাম্মদ জুলহাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুনর্বাসনের আওতায় বয়সের ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম ভিক্ষুকদের রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ১০টি এলাকার ৪০০ স্পটে জরিপ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। জরিপে ঢাকায় অবস্থানকারী এক হাজার ভিক্ষুকের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পুনর্বাসন সেলের প্রধান গাজী মোহাম্মদের দেওয়া তথ্য অনুযায়ী, ভিক্ষকুদের ৭ দশমিক ৫ শতাংশ বরগুনার, ৭ দশমিক ৬ শতাংশ ঢাকার, ৫ দশমিক ৬ শতাংশ জামালপুরের, ৫ দশমিক ৫ শতাংশ ভোলার, ৪ দশমিক ৭ শতাংশ কিশোরগঞ্জের, ৪ দশমিক ৬ শতাংশ ফরিদপুরের, ৩ দশমিক ৯ শতাংশ শেরপুরের, ৩ দশমিক ৯ শতাংশ কুমিল্লার, ২ দশমিক ৪ শতাংশ মুন্সিগঞ্জের এবং অন্যান্য জেলার ৪১ শতাংশ। তিনি বলেন, ৮০ দশমিক ৪৮ শতাংশ ভিক্ষুক পুনর্বাসনের জন্য নিজ এলাকায় ফিরতে চায় এবং ৯২ দশমিক ৪২ শতাংশ ভিক্ষুক সরকারি সহায়তা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে রাজি। ৫ শতাংশের আয় ৩০০ টাকার বেশি ভিক্ষুক জরিপের তথ্য থেকে জানা যায়, দিনে ৩০০ টাকার বেশি আয় করেন এমন ভিক্ষুকের সংখ্যা ৫ শতাংশ। এছাড়া ৩৩ দশমিক ২ শতাংশ ভিক্ষুকের আয় ৫১ থেকে ১০০ টাকার মধ্যে, ২২ দশমিক ৬ শতাংশের ১০১ থেকে ১৫০ টাকা, ২০ শতাংশের ১৫১-২০০ টাকা, ১২ দশমিক ৫ শতাংশ এক থেকে ৫০ টাকা এবং ৬ শতাংশের আয় ২০১ থেকে ৩০০ টাকা। ৫ দশমিক ১৬ শতাংশ ভিক্ষুক সরকারি সাহায্য পায়। এদের মধ্যে ১ দশমিক ৭৫ শতাংশ বয়স্ক ভাতা, ২ দশমিক ৬৩ শতাংশ প্রতিবন্ধী ভাতা, শূন্য দশমিক ৫৩ শতাংশ বিধবা ভাতা এবং শূন্য দশমিক ২৫ শতাংশ ভিক্ষুক ভিজিএফ/ভিজিডি ভাতা পান বলে জানান পুনর্বাসন সেলের প্রধান গাজী মোহাম্মদ। সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস, উপস্থাপক হানিফ সংকেত প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেকেআই/পিডি/১৮৫৭ ঘ.