সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবর্ধনা নিয়ে ঘটনার জেরে সিরাজগঞ্জে বাসে আগুন, ভাংচুর ও লুটপাটের মামলায় আটক ১০ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম প্রদীপ কুমার রায় এ আদেশ দেন বলে জানান কোর্ট পরিদর্শক ইসমত আরা।
এরা হলেন কামারখান্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল, খবির উদ্দিন, কামারখন্দের কটিরচর গ্রামের হাবিবুর রহমান (৪৫), বেলকুচির চালা শাহবাজপুরের জহুরুল ইসলাম (৩০), সানোয়ার হোসেন ওরফে সানু ব্যাপারী (৪০), জেলা শহরের ধানবান্দি মহল্লার আলেফউদ্দিন (২০), বাহিরগোলা মহল্লার বরণ কুমার সাহা (২৫), একডালা মহল্লার হেলাল ভূইয়া (৩৬), বাবু (৩২) ও সবুজ হাসান (৩০)।
সিরাজগঞ্জ সদর সার্কেলের এএসপি শফিকুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে ঝাঐল ওভার ব্রিজের কাছে বেলা পৌঁনে ১টার দিকে বিএনপি নেতাকর্মীরা শ্যামলী পরিবহনসহ আরো ৩-৪টি বাসে ভাংচুর চালায় এবং রাস্তা অবরোধ করে।
শ্যামলী পরিবহনের বাসে আগুনও দেয় তারা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মালপত্র পুড়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আউয়াল ও খবিরকে আটক করা হয় ঘটনাস্থল থেকে। অন্যদের আটক করা হয় সিরাজগঞ্জ, কামারখন্দসহ বিভিন্ন স্থান থেকে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।
রোববার সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিকর্মীদের পুলিশ লাঠিপেটার পরপরই গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি স্থানে বিস্ফোরণও হয়। মতিঝিলে বিস্ফোরণে মারা যান এক যুবক।
এরপরই সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চণ্ডিপুল এলাকায় একটি বাসে আগুন দিলে এক যাত্রীর মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৩৩ ঘ.
bdnews24