জয়পুরহাট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তাজা গুলি ও ম্যাগাজিনসহ বিদেশে তৈরি ছয়টি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
একই স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।
সোমবার সকালে আটাপাড়া সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও ফেন্সিডিল পাওয়া যায় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, বিজিবি’র অভিযান চলাকালে চোরাচালানীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
ওই ব্যাগে ৬টি নাইন এমএম পিস্তল, ১২টি ম্যাগজিন এবং ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। ওই ব্যাগে ৫০ বোতল ফেন্সিডিলও ছিল।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, আমেরিকার তৈরি পিস্তলগুলো অস্ত্র ব্যাবসায়ীরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এনেছে বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্রগুলো পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩২ ঘ.
bdnews24