ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অবৈধভাবে’ গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসককে তলব করেছে হাই কোর্ট।
জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র করা একটি রিট আবেদনে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে আগামী ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকসহ চারজনকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।
বাকিরা হলেন ভুরাঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি এবং ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবু।
এছাড়া গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে কেন মামলা দায়েরের নির্দেশ দেওয়া হবে না তা জানাতে রুলও জারি করা হয়।
পরিবেশ ও বন সচিব, বন অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম জেলা প্রশাসক, ভুরুঙ্গামারী ইউএনও, থানার ওসি ও ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, গত অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বাবুর নেতৃত্বে একদল লোক স্কুলের রাস্তা থেকে বহু গাছ কেটে নিয়ে যায়।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24